সুরাঙ্গন নিউজ ডিজিটাল ডেস্ক: ভক্তি, আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিউস্টনে উদযাপিত হয়েছে পবিত্র শ্রী জগন্নাথ রথযাত্রা উৎসব ২০২৬। শিবা দুর্গা কৃষ্ণ কালী মন্দির (SDKKM)-এর উদ্যোগে আয়োজিত এ উৎসবে হিউস্টন ও পার্শ্ববর্তী এলাকার বিপুলসংখ্যক ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের ধর্মীয় আচার ও পূজানুষ্ঠান পরিচালনা করেন ড. বিষ্ণুপদ গোস্বামী।
SDKKM, মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ভগবান শ্রীজগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে কেন্দ্র করে প্রথা ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে দিনব্যাপী বিভিন্ন আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎসবের প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী পাহান্ডি বিজে। ধর্মীয় রীতি অনুসারে ভগবান শ্রীজগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে সসম্মানে মন্দির থেকে রথে নিয়ে আসা হয়। এ সময় কীর্তন, শঙ্খধ্বনি এবং ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ।
এরপর অনুষ্ঠিত হয় বিশেষ রথ পূজা ও ঐতিহ্যবাহী ছেরা পাহারা অনুষ্ঠান। বিনয়, সমতা ও মানবিকতার প্রতীক হিসেবে পরিচিত এই বিশেষ ধর্মীয় আচার উৎসবে যোগ করে এক ভিন্নমাত্রা এবং ভক্তদের মধ্যে সৃষ্টি করে গভীর ধর্মীয় আবেগ। এরপর আসে ভক্তদের বহুল প্রতীক্ষিত রথ টানার পর্ব। নারী, পুরুষ, শিশু ও প্রবীণ সব বয়সের ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে রথের দড়ি ধরে এই পবিত্র আয়োজনে অংশ নেন। ধর্মীয় উচ্ছ্বাস ও ভক্তির আবহে রথযাত্রা পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। রথযাত্রা উৎসবে শ্রী গোবিন্দজি গৌড়ীয় মঠ (SGGM)-এর সদস্য ও ভক্তরাও অংশগ্রহণ করেন। দুই ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতা হিউস্টনের প্রবাসী সনাতন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে।

উৎসব উপলক্ষে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। স্বেচ্ছাসেবক ও মন্দিরের সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টায় সুশৃঙ্খলভাবে পুরো অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রাচীন ঐতিহ্য অনুসরণ করে রথযাত্রার পর ভগবান শ্রীজগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার ‘মাসির বাড়ি’ যাত্রারও আয়োজন করা হয়। হিউস্টনে এই বিশেষ আয়োজনকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দ।
SDKKM কর্তৃপক্ষ সফলভাবে রথযাত্রা উৎসব সম্পন্ন করতে সহযোগিতাকারী সকল পুরোহিত, সংগঠক, স্বেচ্ছাসেবক ও ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসের মাটিতে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি হিউস্টনের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে এই বর্ণাঢ্য শ্রী জগন্নাথ রথযাত্রা উৎসব।


