সুরাঙ্গন নিউজ ডিজিটাল ডেস্ক: টেক্সাস স্টেট বোর্ড অব এডুকেশন শুক্রবার বিতর্কিত নতুন সামাজিক শিক্ষা পাঠ্যক্রম অনুমোদন করেছে। মুসলিম অধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, এতে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে বৈষম্যমূলক ও একপেশে দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।
নতুন নির্দেশিকায় ৯/১১ হামলার পেছনে ‘উগ্র ইসলাম’কে প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি হযরত মুহাম্মদ (সা.)-এর কর্মকাণ্ড বর্ণনায় ‘নিষ্ঠুর’ শব্দ ব্যবহার করা হয়েছে। শেষ মুহূর্তে শব্দটি বাদ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বোর্ড সদস্য ব্র্যান্ডন হল বলেন, ইতিহাসের এই দিক তুলে ধরা ‘নৈতিকভাবে অপরিহার্য’।
মুসলিম বক্তারা পাঠ্যক্রমে ইসলামের মূলনীতি ও গণিত, জ্যোতির্বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে মুসলিমদের অবদান অন্তর্ভুক্ত করার আহ্বান জানালেও ‘বীজগণিত ও জ্যোতির্বিদ্যায় মুসলিমদের অবদান’ শেখানোর একটি প্রস্তাবিত মানদণ্ড বাদ দেওয়া হয়।
মুসলিম অধিকার সংগঠন CAIR এবং এর টেক্সাস শাখা জানিয়েছে, তারা পাঠ্যক্রমটি বাতিলের জন্য কাজ করবে। অন্যদিকে কিছু অধিকার সংগঠন অভিযোগ করেছে, নতুন মানদণ্ডে খ্রিস্টধর্মকে প্রাধান্য দেওয়া এবং ইসলামের প্রতি বৈরী মনোভাব প্রকাশ পেয়েছে। নতুন পরিবর্তনগুলো ২০৩০ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।


