সুরাঙ্গন নিউজ ডিজিটাল ডেস্ক: হিউস্টনে ভারতের কনস্যুলেট জেনারেল চ্যান্সারি প্রাঙ্গণে প্রাণবন্ত ও দেশাত্মবোধক পরিবেশে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। প্রবাসী ভারতীয় সম্প্রদায় এবং ভারতের শুভানুধ্যায়ীরা বিপুল উৎসাহ ও দেশপ্রেমের আবেগ নিয়ে অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বিশিষ্ট অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিবেশনের পাশাপাশি ‘বিকশিত ভারত ২০৪৭’ প্রতিপাদ্যের ওপর বিশেষ চিত্রকর্ম প্রদর্শন করা হয়। এ ছাড়া ‘ভারত কো জানিয়ে’ (BKJ) কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা দেওয়া হয়।
জাতীয় পতাকা উত্তোলনের পর ভারতের কনসাল জেনারেল ডি. সি. মঞ্জুনাথ স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভারতের রাষ্ট্রপতির দেওয়া ভাষণ পাঠ করে শোনান। তিনি ভারতের প্রতি অব্যাহত নিষ্ঠা ও সমর্থনের জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে দেশের অগ্রযাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব হিউস্টরের চ্যান্সেলর ড. রেনু খাটোর, ফোর্ট বেন্ড কাউন্টি জাজ ড্যানিয়েল ওং, হ্যারিস কাউন্টি কমিশনার লেসলি ব্রায়োনেস, ফোর্ট বেন্ড কমিশনার ডেক্সটার ম্যাককয়, সুগারল্যান্ড সিটি কাউন্সিলের সদস্য সঞ্জয় সিঙ্ঘাল, ইউএস সিনেটর জন কর্নিনের আঞ্চলিক পরিচালক জে গুয়েরেরো, জাজ জুলি ম্যাথিউ, জাজ সুরেন্দ্রন প্যাটেল এবং হ্যারিস কাউন্টি জাজ লিনা হিডালগোসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচিত প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হিউস্টনের মেয়র জন হুইটমায়ারের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন এবং শুভেচ্ছা ও আনুষ্ঠানিক বার্তা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে কনস্যুলেটের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে ভারত, ভারতের জনগণ এবং বৃহত্তর প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সেবায় কনস্যুলেটের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।


