হিউস্টন: প্রবাসে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অনুরাগীদের জন্য এক অনন্য রাগসঙ্গীতের আয়োজন করে প্রাণা স্কুল অফ মিউজিক। অনুষ্ঠানে প্রখ্যাত সরোদশিল্পী অভিষেক লাহিড়ী এবং তবলাবাদক সুব্রত ভট্টাচার্য তাঁদের অসাধারণ সরোদ-তবলা যুগলবন্দির মাধ্যমে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানের শুরু থেকেই দুই শিল্পীর নিখুঁত সুরলহরী, রাগের গভীর ব্যাখ্যা এবং তালের অনবদ্য সংলাপ উপস্থিত দর্শকদের এক অনন্য সংগীতভ্রমণে নিয়ে যায়। অভিষেক লাহিড়ীর মাধুর্যময় সরোদবাদন এবং সুব্রত ভট্টাচার্যের নিখুঁত তাল-লয়ের সমন্বয়ে প্রতিটি পরিবেশনা হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন। রাগসঙ্গীতের ধীর আলাপ থেকে দ্রুত লয়কারি প্রতিটি পর্যায়ে দুই শিল্পীর পারস্পরিক বোঝাপড়া ও সৃজনশীলতা শ্রোতাদের বারবার করতালিতে মুখরিত করে।

অনুষ্ঠানে বিভিন্ন বয়সের বিপুলসংখ্যক সঙ্গীতপ্রেমী উপস্থিত ছিলেন। অনেকেই মন্তব্য করেন, হিউস্টনে এ ধরনের উচ্চমানের শাস্ত্রীয় সঙ্গীতের আসর শুধু বিনোদনই নয়, নতুন প্রজন্মের কাছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সৌন্দর্য ও ঐতিহ্যকে তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাণার পক্ষ থেকে প্রতিষ্ঠাতা ড. রাজা বাঙ্গা ও দেবলীনা ব্যানার্জি বলেন, প্রবাসে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা ও প্রসারের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানসম্মত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠান শেষে দর্শক-শ্রোতারা দুই শিল্পীকে দাঁড়িয়ে অভিবাদন জানান। দীর্ঘ সময় ধরে চলা করতালি ও উচ্ছ্বসিত প্রশংসা প্রমাণ করে যে এই সরোদ-তবলা যুগলবন্দি হিউস্টনের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।


