অপ্রতিসম জৈব সংশ্লেষে অ-সরলরৈখিক প্রভাব ও স্ব-অনুঘটনের আবিষ্কারের স্বীকৃতি
সুরাঙ্গন নিউজ ডেস্ক: অণুর ডানহাতি ও বাঁহাতি রূপের রহস্য উন্মোচন এবং পরীক্ষাগারে নির্দিষ্ট একটি রূপ তৈরি করার নতুন পথ দেখিয়ে ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার পেলেন ফ্রান্সের অঁরি বি. কাগান এবং জাপানের কেনসো সোয়াই। অপ্রতিসম জৈব সংশ্লেষে অ-সরলরৈখিক প্রভাব এবং স্ব-অনুঘটন বা অটোক্যাটালিসিস সংক্রান্ত যুগান্তকারী গবেষণার জন্য তাঁদের এই সম্মান দেওয়া হয়েছে।
কিছু অণু দেখতে একে অপরের প্রতিচ্ছবির মতো হলেও তারা সম্পূর্ণ এক নয়। মানুষের ডান ও বাঁ হাতের মতোই এদের একটি আরেকটির ওপর পুরোপুরি বসানো যায় না। রসায়নে এই ধরনের অণুকে বলা হয় ‘চিরাল’ অণু। অ্যামাইনো অ্যাসিডসহ বহু গুরুত্বপূর্ণ অণুর এমন দুটি প্রতিরূপ রয়েছে। এর একটি ‘ডানহাতি’, অন্যটি ‘বাঁহাতি’। জীবজগতে অবশ্য অনেক ক্ষেত্রে এই দুই রূপের মধ্যে একটি নির্দিষ্ট রূপই ব্যবহৃত হয়। এই বৈশিষ্ট্যকে বলা হয় হোমোকাইরালিটি।

বিষয়টি ওষুধ তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একই রাসায়নিক গঠন ও সংকেত থাকা সত্ত্বেও অণুর দুই প্রতিরূপ মানবদেহে ভিন্নভাবে কাজ করতে পারে। একটি কার্যকর ওষুধ হিসেবে কাজ করলেও অন্যটি কম কার্যকর বা ক্ষতিকর হতে পারে। তাই নির্দিষ্ট একটি রূপের অণু অত্যন্ত উচ্চ বিশুদ্ধতায় তৈরি করা চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ।
অঁরি কাগানের গবেষণা দেখায়, অনুঘটকের অল্প পরিমাণ চিরাল রূপ ব্যবহার করলেও তার প্রভাব সবসময় সরলরৈখিক হয় না। অর্থাৎ, অনুঘটকের মাত্রা কম হলেও রাসায়নিক বিক্রিয়া একটি নির্দিষ্ট ‘হাতের’ অণু তৈরির দিকে অত্যন্ত শক্তিশালীভাবে এগোতে পারে। এই অ-সরলরৈখিক প্রভাব অপ্রতিসম জৈব সংশ্লেষকে নতুন সম্ভাবনা এনে দেয়।
অন্যদিকে কেনসো সোয়াই দেখান, একটি নির্দিষ্ট চিরাল অণু নিজেই পরবর্তী রাসায়নিক বিক্রিয়ার অনুঘটক হিসেবে কাজ করতে পারে। একে বলা হয় অটোক্যাটালিসিস বা স্ব-অনুঘটন। তাঁর বিখ্যাত ‘Soai reaction’ দেখিয়েছে, সামান্য পরিমাণ নির্দিষ্ট চিরাল অণুর উপস্থিতি একই ধরনের অণুর উৎপাদনকে ব্যাপকভাবে বাড়িয়ে দিতে পারে।
এই দুই বিজ্ঞানীর গবেষণা শুধু ওষুধ ও রাসায়নিক শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করেনি; জীবজগতে কেন নির্দিষ্ট এক ধরনের অণু প্রাধান্য পেয়েছে, সেই মৌলিক বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার পথও আরও প্রশস্ত করেছে।
২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লক্ষ সুইডিশ ক্রোনার, যা দুই বিজ্ঞানীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।


